হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সর্বোচ্চ টাওয়ার
- আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার (পিআইএফ টাওয়ার)। হামলায় ভবনটির সাত থেকে আটটি তলার জানালা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ধাতব কাঠামোরও কিছু অংশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানা গেছে।
পিআইএফ টাওয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি
পিআইএফ টাওয়ার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। এটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এলাকায় অবস্থিত।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় টাওয়ারটির পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসপিএর প্রতিবেদনে সরাসরি ভবনটির নাম উল্লেখ করা হয়নি। তবে প্রকাশিত ছবিতে পিআইএফ টাওয়ারের দৃশ্য দেখা গেছে।
দুই দফা হামলার দাবি হুথিদের
বৃহস্পতিবার হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি গোষ্ঠী। এতে বলা হয়েছে, রিয়াদের পিআইএফ টাওয়ার লক্ষ্য করে দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম হামলা হয় ভোরে। দ্বিতীয়টি চালানো হয় সন্ধ্যায়।
এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব হামলার তথ্য নিশ্চিত করেনি।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিকট শব্দে ঘুম ভাঙে রিয়াদের বাসিন্দাদের। হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা
এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালায় হুথিরা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটল।
গত সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের উত্তেজনা বেড়েছে। এরপর থেকে সৌদির বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথি যোদ্ধারা।
ইয়েমেনে সৌদি বিমান হামলা
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অভিযান পরিচালনায় দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করছে।
হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।
অর্থনৈতিক পরিকল্পনায় বাড়ছে অনিশ্চয়তা
সৌদি আরবের সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত দেশটির অর্থনৈতিক পরিকল্পনায় উদ্বেগ তৈরি করেছে। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের লক্ষ্য সৌদি অর্থনীতিকে আরও শক্তিশালী ও বহুমুখী করা। বিশেষ করে তেলনির্ভরতা কমিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
সৌদি সফরে মার্কিন সামরিক কর্মকর্তা
এদিকে বুধবার রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ বিন সালমান। ইয়েমেন সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরবে এটি কুপারের তৃতীয় প্রকাশ্য সফর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের পরিকল্পনা সম্পর্কে অবগত দুই মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদ এখন ধারণা করছে, এই সংঘাত আরও ছয় মাস পর্যন্ত চলতে পারে। সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্রও একই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: রয়টার্স




















