আলো আসবেই গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- আপডেট সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। এলাকাটি তুরাগ থানার অধীন।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আটকের আগে ফেসবুক লাইভে কান্না
পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাকে কান্না করতে দেখা যায়। তবে পুলিশ কেন তার বাসায় এসেছে এবং তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন এই অভিনেত্রী।
লাইভে জ্যোতি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
আলো আসবেই গ্রুপ নিয়ে বিতর্ক
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ।
ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন সদস্যের নেতিবাচক মন্তব্য দেখা যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। আলোচিত ওই গ্রুপের সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
তবে তাকে আটকের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


























