নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে টিকটক, দুই তরুণ আটক
- আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের সিটি পার্কে খেলনা বন্দুক হাতে ঘোরাঘুরি করে ভিডিও তৈরির অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভিডিওটির সূত্র ধরে বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)কে আটক করা হয়। তারা দুজনই বন্দর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভিডিওতে কালো রঙের লম্বা পোশাক ও টুপি পরা দুই তরুণকে সিটি পার্কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাদের হাতে থাকা অস্ত্র পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে তাক করার দৃশ্যও দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে বাস্তব অস্ত্রের ঘটনা বলে মনে করেন।
পরে ভিডিওটির উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই তরুণের পরিচয় শনাক্তের পর তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বন্দুকও উদ্ধার করা হয়। তবে পরীক্ষায় সেগুলো আসল অস্ত্র নয়, খেলনা বন্দুক বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভিডিওতে দেখা অস্ত্রগুলো খেলনা বন্দুক। দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে এবং ভিডিওতে থাকা দুই তরুণকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, লিমন ২০২৪ সালে এইচএসসি পাসের পর পড়াশোনা বন্ধ করেন এবং প্রায় সাত বছর ধরে টিকটক করেন। ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধ করে প্রায় দুই বছর ধরে টিকটক করছেন।
পুলিশ জানায়, ‘ভাইবোন’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। পরে লিমনের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য, অস্ত্রগুলো খেলনা হলেও জনসমাগমপূর্ণ স্থানে এভাবে অস্ত্র প্রদর্শন করে ভিডিও তৈরি করলে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হতে পারে।

























