রক্তাক্ত অবস্থায় উদ্ধার সাবেক অতিরিক্ত সচিবের হাসপাতালে মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে রাজধানীর অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন।
পরে বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে যা দেখেছে পুলিশ
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া গণমাধ্যমকে জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোশাররফ হোসেন ভবনটির ভেতরে বারবার ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না।
পুলিশের ধারণা, একপর্যায়ে ভবনটির বেজমেন্ট-১-এর একটি ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাঁকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। তবে কীভাবে তিনি নিচে পড়ে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে মরদেহ
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে না চাওয়ায় মোশাররফ হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি দুর্ঘটনা কি না, তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের তথ্য এখনো জানানো হয়নি।




















