দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খান
- আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর ঘোষিত লং মার্চ কর্মসূচির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে জামায়াত। তাদের একের পর এক লং মার্চ কর্মসূচি সেই ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে লং মার্চের সমালোচনা
রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এসব সংকট তুলে ধরার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা থাকা প্রয়োজন।
তবে বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে লং মার্চ করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, লং মার্চ করে এসব সমস্যার কী ধরনের সমাধান হবে?
তিনি বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে। এর মধ্যেই জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে। এখন আবার রংপুরের উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, স্বার্থের জন্য জামায়াত তাদের রাজনৈতিক শত্রুদের সঙ্গেও আঁতাত করতে পারে। তাঁর দাবি, ভারতের সঙ্গে আঁতাত করে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে দলটি।
রাশেদ খান আরও দাবি করেন, আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের বক্তব্য একই সূত্রে গাঁথা। জামায়াতের লং মার্চ এবং আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খান। তাঁর দাবি, দিল্লি সরকার প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য বারবার অনুরোধ জানিয়েছে। তবে শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যাবেন না বলে জানিয়েছেন।
রাশেদ খান বলেন, একই ধরনের অনুরোধ ভারত যদি জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে তিনি দিল্লিতে অবস্থান করতেন।
জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামায়াতের কর্মসূচির বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, জামায়াতের লং মার্চ এবং আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণাকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ সময় রাশেদ খান ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন এবং জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























