তিনদিনের সফরে ঢাকায় ডেনমার্কের রাজকুমারী
- আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ৩ দিনের সফরে সকালে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে প্রিন্সেসকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী। ঢাকায় পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ম্যারি। এছাড়াও ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে এবং মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের-ডিআরসি’র ব্রিফিংয়ে যোগ দেবেন। রাজকুমারী কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি’র পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণসহ রোহিঙ্গা সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। কক্সবাজার থেকেই বুধবার সকালে সাতক্ষীরার জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন তিনি। পরিদর্শন করবেন ওই এলাকার সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ। কথা বলবেন বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে। বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।



























