আলোচিত নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার
- আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ২৪ আগস্ট সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট।
বৃহস্পতিবার রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি গত ১০ জুন হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন। এর আওতায় নুসরাত হত্যা মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। গত ২৮ জুলাই এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল এবং জেল আপিলের শুনানি শুরু হয়।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। এ কারণে মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল ও জেল আপিল করেন।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় রায় দেন। রায়ে মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান নুসরাত।
হাইকোর্টের রায়ের বিষয়ে নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার বলেন, নিন্ম আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করি হাইকোর্টেও ন্যায় বিচার পাবো।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, রায়কে ঘিরে নুসরাতের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

























