জুলাই সনদ নিয়ে একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
জুলাই সনদ নিয়ে একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, স্বাক্ষরিত জুলাই সনদে যেসব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হতে পারেনি, আগামীতে নির্বাচিত সরকারই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই বিভ্রান্তি না ছড়িয়ে চলমান সংসদ অধিবেশনেই আলোচনা করে সংবিধান সংশোধনে বিরোধী দলকে আহ্বান জানান তিনি।
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল-এনইসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে জুলাই শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা বলেন, জুলাই শহীদদের নিয়ে কটাক্ষ করলেও বিচার হচ্ছে না। দু’বছর হয়ে গেলেও এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি।
বিগত ১৭ বছরে সাংবাদিকতার নামে যারা ফ্যাসিবাদের দালালি করেছে তাদের আমলনামা তদন্তের দাবি জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ নিয়ে চলা বিভ্রান্তি দূর করতে বিরোধী দলকে সংসদে এসে আলোচনার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে জুলাই আন্দোলনের শহীদ সংবাদকর্মীদের প্রত্যেক পরিবারকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়।


























