জনপ্রিয় ইভেন্ট নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে যুক্ত হচ্ছে ভোগ ম্যাগাজিন
- আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৮০২ বার পড়া হয়েছে
ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ইভেন্ট নিউইয়র্ক ফ্যাশন উইক। এবারে এই ফ্যাশন আসরের সঙ্গে যুক্ত হচ্ছে ভোগ ম্যাগাজিন। আসছে সেপ্টেম্বরে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসতে যাচ্ছে স্টাইল ও ফ্যাশনের এই জাঁকজমকপূর্ণ আসর। কাকতালীয়ভাবে এ মাসেই ১৩০তম বার্ষিকী উদযাপন করবে ফ্যাশন ম্যাগাজিন ভোগ। তাই ইউইয়র্ক ফ্যাশন উইকে থাকছে ভোগের বিশেষ চমক।
নিউইয়র্ক এক্সপেরিয়েন্স নামের এই ফ্যাশন ইভেন্ট নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে ভোগ। তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফটোশুটের কিছু ছবিও শেয়ার হয়েছে। ছবিতে হেইলি বিবারের ফ্যাশন নজর কেড়েছে ভক্তদের। আগামী ১২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া বৈশ্বিক ইভেন্টে থাকবে লাইভ এডিটরিয়াল ফ্যাশন শো, স্ট্রিট ফেয়ার আর ভোগের পক্ষ থেকে আরও বেশ কিছু চমক। ভোগ প্রথমবারের মতো এমন কোনো রানওয়ে শোর আয়োজন করতে যাচ্ছে। এই রানওয়ে শোতে ২০২২-এর শরৎ ও শীতের সংগ্রহ দেখানো হবে। ব্যালেন্সিয়াগা, ডিওর, গুচি, ভ্যালেন্টিনো, বারবেরি, কোচ, মাইকেল করস, ব্রাদার ভ্যালিস, বোর্ডের মতো নামীদামি ব্র্যান্ড অংশ নেবে ভোগের এই রানওয়ে শোতে। এ ছাড়া স্ট্রিট ফেয়ারে ব্র্যান্ডগুলো তাদের লিমিটেড এডিশন ফ্যাশন পণ্যও প্রদর্শন করবে।


























