জনগণের মতামত ও গণরায়কে অস্বীকার করা হয়েছে : নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, ঐকমত্য কমিশন ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত ও গণরায়কে অস্বীকার করা হয়েছে। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে একটি বিকল্প শক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে সংগ্রাম গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছে, সেই সংগ্রামকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এনসিপির আহ্বায়ক বলেন, এই মুহূর্তে একটি বৃহত্তর ঐক্য গঠন অত্যন্ত প্রয়োজন। কারণ, আমরা দেশকে আবার আগের ব্যবস্থায় ফিরিয়ে নিতে চাই না। বাস্তবে আমরা দেখছি, দেশের প্রায় সব প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে- বিচারব্যবস্থা থেকে শুরু করে সর্বত্রই একই চিত্র।




















