চার দশক ধরে বন্ধ থাকার পর দাবি উঠেছে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর খুলে দেয়ার
- আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
চার দশক ধরে বন্ধ থাকা লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি- একসময়ের উত্তরাঞ্চলের বাণিজ্যের কেন্দ্রবিন্দু বন্দরটি চালু করা হোক, নইলে পরিকল্পিতভাবে গড়ে তোলা হোক পর্যটন কেন্দ্র।
ধরলা নদীর তীরে মোগলহাট স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত ও আসামের সঙ্গে বাণিজ্য চলত। ট্রেনের হুইসেল আর পণ্যবাহী বগির শব্দে মুখর থাকত পুরো এলাকা। কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে সেই চিত্র। ধরলা নদীর ভাঙন ও বন্যার কারণে বন্ধ হয়ে যায় রেল চলাচল। দীর্ঘ চার দশক ধরে নীরব পড়ে আছে বন্দরটি। পরিত্যক্ত স্টেশনের বিভিন্ন কোণ, এখন আশ্রয়স্থল হয়েছে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের।
এই নীরবতার মাঝেও দেখা দিচ্ছে সম্ভাবনা। প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। বিশেষ করে মোগলহাট এখন অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। ধরলা নদীর সৌন্দর্য, সীমান্ত ঘেঁষা পরিবেশ ও ব্রিটিশ আমলের নিদর্শন- সব মিলিয়ে, এটি হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
বন্ধ থাকা বন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার আহবান জানান, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
স্থানীয়দের প্রত্যাশা, অবহেলিত এই সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা হবে আধুনিক পর্যটন কেন্দ্র। মোগলহাট যেখানে অতীতের ঐতিহ্য, বর্তমানের নীরবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা, একসঙ্গে মিশে আছে। এখন দরকার সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।


























