চট্টগ্রামে ১৬’শ কিলোমিটার ড্রেন পরিষ্কার কর্মসূচি শুরু
- আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
১৬’শ কিলোমিটার ড্রেন পরিষ্কার কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এসব ড্রেন পরিষ্কার করতে পারলে বর্ষার সময় পানি ড্রেন হয়ে খালের মাধ্যমে নদীতে চলে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। এছাড়া একই সাথে খাল সংস্কারেরও পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ক্র্যাশ প্রোগ্রাম এর আওতায় নগরীর বিভিন্ন এলাকায় নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খাল-নালা পরিষ্কারের মাধ্যমে গত বছর ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমে এসেছে দাবি করে মেয়র বলছেন, সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বয়ে কাজ করতে পারলে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।
এবারের কর্মসূচিতে নালা পরিষ্কারের পর মাটি পাশে ফেলে না রেখে দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ নালা ও ম্যানহোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বেষ্টনী স্থাপন করা হবে।
নগরবাসীর অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে মেয়র জনসচেতনতার উপর জোর দিয়েছেন।





















