গাইবান্ধার দ্বিতীয় ঘাঘট সেতু কাজে আসছে না জনগণের
- আপডেট সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৬২০ বার পড়া হয়েছে
গাইবান্ধা-কুড়িগ্রাম সড়কের নিউ ব্রিজ এলাকায় দ্বিতীয় ঘাঘট সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় জনগণের কাজে আসছে না। কর্তৃপক্ষ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই এই পরিস্থিতি। এদিকে, অচল সেতুটি রাতের বেলায় মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করার দাবি স্থানীয়দের।
গাইবান্ধা-কুড়িগ্রাম সড়কে জেলা শহরের প্রবেশমুখে যানজট কমাতে নিউ ব্রিজ এলাকায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। মূল সেতুর নির্মাণ কাজ প্রায় দেড় বছর আগে শেষ হলেও এর সাথে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় জনগণের কোনো কাজে আসছে না। ফলে সরাসরি প্রভাব পড়ছে শহরের ট্রাফিক ব্যবস্থায়। এছাড়া রাতের বেলায় সেতুটি মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
কবে নাগাদ সংযোগ সড়ক নির্মাণ হবে আর স্বস্তি মিলবে চলাচলে, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করার দাবি স্থানীয়দের।
এদিকে, জমি অধিগ্রহণের কিছু কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করা হবে বলে জানান প্রকৌশলীরা।
দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করে দ্বিতীয় ঘাঘট সেতুর সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যানবাহন চলাচল নিশ্চিত করবে কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।






















