এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, ১৩ লাখ খাতা নিয়ে বাড়ছে শঙ্কা
- আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা হয়েছে। অল্প সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক খাতা যাচাই করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্নিরীক্ষণের আওতায় এসেছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র।
এত বিপুলসংখ্যক উত্তরপত্র স্বল্প সময়ে পুনর্নিরীক্ষণ করা সম্ভব কি না, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি খাতা যথাযথভাবে যাচাই করা বড় ধরনের চ্যালেঞ্জ।
এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র অল্প সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণ করা প্রায় অসম্ভব। এ পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে শিক্ষার্থীদের উদ্বেগের মধ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর উত্তরপত্রই যাচাই করা হবে। কোনো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এলে তাকে কলেজে ভর্তির আবেদনের জন্য নতুন করে সময় দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক উত্তরপত্র সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা নিঃসন্দেহে কঠিন। তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন বেড়ে যাওয়ায় একদিকে যেমন খাতা যাচাইয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে শিক্ষার্থীদের ফলাফলে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


























