অন্তত ১০ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা
- আপডেট সময় : ০২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের অন্তত ১০ জেলা দিয়ে বয়ে যাওয়া নদীর পানি বিপদসীমার উপরে বা কাছাকাছি অবস্থান করছে। এতে এসব জেলার নদী অববাহিকা বা নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সতর্কসীমার উপরে রয়েছে এবং কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এদিকে, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগে মুহরী, ফেনী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার কিছু অংশ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
























