সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সাতবার ভূমিকম্পন অনুভূত
- আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সাতবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। শনিবারের পর, রোববার রাত ৪টা ৩৫ মিনিটে আরেকটি কম্পন অনুভূত হয়। দফায় দফায় ভূমিকম্পকে হুঁশিয়ারি সতর্কতা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি তদারকিতে ৭ দিনের বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
রোববার ভোরের কম্পনের মাত্রা রিখটার স্কেলে কত ছিলো এখনো জানানো হয়নি। এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট, বেলা সাড়ে ১১টা এবং দুপুর দুটায় ৪ বার ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার চারবার ভূকম্পনের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তা। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। ঘন ঘন এমন ঝাঁকুনিতে, বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্পের আশংকা করছেন আবহাওয়াবিদরা। সিলেট নগরীর ২০টি ঝুঁকিপূর্ণ ভবন ও একটি মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন।

























