মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা
- আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে একের পর এক সম্মানে সিক্ত হচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট এবং রিভারপ্লেটের সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর এবার বিদায়ী ম্যাচে রেফারি ও প্রতিপক্ষ বেনিনের ফুটবলারদের কাছ থেকেও পেয়েছেন বিশেষ স্মারক।
বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মেসি করেছেন একটি গোল এবং দুটি অ্যাসিস্ট। দলের অন্য গোল দুটি করেছেন বিদায়ী তারকা নিকোলাস ওতামেন্দি ও তরুণ ফরোয়ার্ড নিকোলাস পাজ।
মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির
ম্যাচ শেষে চিলির রেফারি ফার্নান্দো বেখা মেসিকে দিয়েছেন বিশেষ এক উপহার। নিজের সঙ্গে থাকা হলুদ ও লাল কার্ড দুটিই স্মারক হিসেবে আর্জেন্টাইন অধিনায়কের হাতে তুলে দেন তিনি।
অবশ্য কার্ড দুটি কোনো শাস্তির অংশ ছিল না। আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই রেফারি এই ব্যতিক্রমী স্মারক উপহার দেন।
বেনিনের অধিনায়কের কাছ থেকেও স্মারক
রেফারির উপহারের আগে বেনিনের অধিনায়ক সেসি দালমেইদা মেসিকে একটি খোদাই করা মূর্তি ও স্মারকপত্র উপহার দেন। ম্যাচে প্রতিপক্ষ হলেও মেসির প্রতি তাদের শ্রদ্ধা ছিল স্পষ্ট।
ম্যাচ শেষ হওয়ার পর বেনিনের ফুটবলাররা মেসিকে ঘিরে ধরেন। অনেকেই মোবাইল ফোন হাতে নিয়ে আর্জেন্টাইন তারকার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তবে ভিড়ের চাপে একপর্যায়ে বিরক্তি প্রকাশ করেন মেসি।
বিশ্ববিদ্যালয় ও রিভারপ্লেটের সম্মান
এর আগে চলতি সপ্তাহে ইউনিভার্সিটি অব বুয়েন্স আয়ার্স (ইউবিএ) মেসিকে সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টোরাদো অনোরিস কাউসা’ প্রদান করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেসির ক্যারিয়ারকে শ্রেষ্ঠত্ব, বিনম্রতা ও নৈতিকতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে।
এদিকে বিদায়ী ম্যাচের আগে রিভারপ্লেটও মেসিকে সম্মান জানায়। ক্লাবটির সভাপতি স্তেফানো দি কার্লো তার হাতে সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দেন। একই সঙ্গে মেসিকে একটি স্মারক ও তার নাম লেখা রিভারপ্লেটের জার্সিও উপহার দেওয়া হয়।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি’অরসহ অসংখ্য অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তাই যোগ হচ্ছে একের পর এক আবেগঘন সম্মান ও স্মৃতি।




















