সাতক্ষীরায় বিএসএফের পুশ ইনের অপচেষ্টা ব্যর্থ
- আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সুন্দরবন উপকূলীয় বাংলাদেশ-ভারত সীমান্ত নদীপথে অন্তত ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কঠোর তৎপরতায় বিএসএফের সেই পুশইনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ সকালে সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি জানায়, গত তিনদিন ধরে সীমান্তের ওপারে ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফের দুটি ব্যাটালিয়ন। খবর পেয়ে সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি নদীপথে হাই স্পিড বোটে টহল জোরদার করে বিজিবি। রাতের আঁধারে অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় মাইকিং ও বিশেষ সার্চলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স ফোর্স। নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে দেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না এবং যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
























