সরকার বিপদে পড়লে গোটা দেশই সংকটে পড়বে: নুর
- আপডেট সময় : ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সরকার কোনো ধরনের সংকটে পড়লে তার প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সচিবালয় ঘেরাও কর্মসূচির প্রসঙ্গ টেনে নুর বলেন, এ ধরনের কর্মসূচি নিজেদের ক্ষতির কারণ হতে পারে। যারা এমন আন্দোলন করছেন, শেষ পর্যন্ত তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের পতনের পর দেশের মানুষ এখন নিজেদের মতামত ও দাবি-দাওয়া আরও স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যেসব সমালোচনা হচ্ছে, তার একটি অংশ হিংসা বা বিদ্বেষ থেকে করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম বেতন ২০ হাজার টাকা হওয়া উচিত বলে মত দেন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব হাসপাতাল নির্মাণে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, তবে এতে গ্রামাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা সহজেই পাবেন।
প্রবাসী কর্মীদের বিষয়ে নুর জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত ‘প্রবাসী কার্ড’ চলতি মাস থেকেই বিতরণ শুরু হবে বলে সরকার আশা করছে। এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা সহজ হবে।
আলোচনা সভায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















