শেরপুর সীমান্তে ২ ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
- আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে ২ ব্যক্তির বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি। তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় মানব পাচারকারীরা ওই দু’জনকে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা করে।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প-কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত সদস্যরা সোমবার সকাল ৯টা ২০ মিনিটে শেরপুর সীমান্তের মেইন পিলার ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দু’জনকে আটকায়। পরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্র জানায়, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দুই ব্যক্তি রোববার সন্ধ্যা থেকেই কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিল। সকাল ৯টার দিকে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। পরে বিজিবি তাদেরকে আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের পাশে নোম্যান্সল্যান্ডে রয়েছে।
























