লেবাননে বোমা হামলায় নিহতদের পরিবারগুলোয় শোকের মাতম
- আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। কিন্তু দুই মাস না পেরোতেই বোমা হামলায় প্রাণ হারালেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। স্বজন হারানোর শোকে এখন স্তব্ধ দুই পরিবার।
অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে এনজিও ও মানুষের কাছ থেকে ঋণ নিয়ে বিদেশে পাঠানো হয়েছিল দুই যুবককে। কিন্তু জীবনের স্বপ্ন থেমে গেল লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায়।
সোমবার দুপুরে একটি বাড়িতে চালানো ওই হামলায় নিহত হন বাংলাদেশের শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। একই ঘটনায় প্রাণ হারান এক সিরীয় নাগরিকও।
খবর দেশে পৌঁছাতেই সাতক্ষীরার দুই পরিবারে নেমে আসে শোকের মাতম। বাবা-মা, স্ত্রী-সন্তানের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সন্তান হারিয়ে পরিবারগুলো এখন মানসিক ও অর্থনৈতিকভাবে দিশেহারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে প্রাণ হারানো এই রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























