মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি
- আপডেট সময় : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সিগুলোর নাম প্রকাশ করা হয়।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি সব বৈধ রিক্রুটিং এজেন্সির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশি এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা। এরই মধ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে ২৫টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে।
অনুমোদিত এজেন্সিগুলো হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সে সময় টিকিট থাকা সত্ত্বেও অনেক কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। আবার অনেকে টিকিট না পাওয়ায় বিমানবন্দর থেকেই ফিরে যেতে বাধ্য হন।
নতুন করে ২৫টি এজেন্সির অনুমোদনের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া ফের গতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




















