মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই : পিটার হাস
- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে করতে নতুন ভিসা নীতি করা হয়েছে। এই নীতি নিয়ে ভয়ের কিছু নেই।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে মঙ্গলবার এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন ভিসা নীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। এটা বাংলাদেশের জনগণের জন্যই।”
উল্লেখ্য, গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে ঘিরে একটি নতুন ভিসা নীতি ঘোষণা দেয়। নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ঘোষণায় বলা হয়।
পিটার হাস আরো বলেন, “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে আগ্রহী এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।”
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ।
ডয়চে ভেলে
























