ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে যা বললেন
- আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, একদল বাঙালি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ সময় তার গায়ে পানি ও কোক ছোড়া হয়। ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়।
ঘটনার পর সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন।
পার্কে ভাইয়ের সঙ্গে ছিলেন বাঁধন
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাকে ঘিরে ধরে হেনস্তা করেন।
বাঁধন বলেন, ‘আমার গায়ে পানি, কোক এগুলো ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি।’ এ সময় তার ভাইয়ের ছোট শিশুটিও সঙ্গে ছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার গায়ে হাত তোলে। তার ফোনও ফেলে দেওয়া হয়। কানের কাছেও আঘাত করা হয়েছে বলে জানান তিনি।
‘আমি জুলাই যোদ্ধা’
বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যা দেন। এর জবাবে তিনি বলেন, তিনি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তার দাবি, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন। এসব ঘটনার ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারও করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ
ঘটনার পেছনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ছিলেন বলে অভিযোগ উঠেছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলাকারীদের একজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে উল্লেখ করতে শোনা যায়।
ভিডিওতে তাকে দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ।
বাঁধন আরও বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।
থানায় অভিযোগের কথা
ঘটনার পর বাঁধন ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক গণমাধ্যমেও সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেই ভূমিকার কারণেই ভেনিসে তাকে হেনস্তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





















