বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও উৎপাদনে ফিরেছে
- আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আবারও উৎপাদনে ফিরেছে। গেলরাতে ইউনিটটি উৎপাদনে ফেরে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার রাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের চাপ বাড়ে। তবে ইউনিটটি পুনরায় চালু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে এবং তৃতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে উৎপাদনে আসতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

























