বৃষ্টির পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বৃষ্টির পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানির নিচে তলিয়ে গেছে কৃষকের কাঁচা বোরো ধান। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধের কারণে হাওরের পানি নিস্কাশন না হওয়ায় চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল। এদিকে, ফসল রক্ষায় বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টায় প্রশাসন ও কৃষকদের মধ্যে ঘটছে বাকবিতন্ডার ঘটনা। তবে পানি নিষ্কাশনের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট-বড় হাওরের প্রায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। আর, ফসল রক্ষায় শতকোটি টাকা ব্যায়ে নির্মাণ হয়েছে ফসলরক্ষা বাঁধ। তবে, প্রয়োজনে পানি না নামায়… নির্মিত বাঁধগুলো কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। দেখার হাওর, করচার হাওর, পাগনার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওরসহ বিভিন্ন হাওরের প্রায় তিন হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
যত্রতত্র অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধ স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত করছে। সামান্য বৃষ্টিতেই হাওরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
হাওরে জলাবদ্ধতা নিয়ে কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। পানি নিস্কাশনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।
কৃষকদের স্বপ্নের সোনালী ফসল রক্ষায় হাওরের পানি নিষ্কাশনে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নিবে এমনটি প্রত্যাশা কৃষকদের।






















