ফেনীতে ছয়তলা ভবনের কার্নিশে আটকা মাদরাসাছাত্রী উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ফেনী শহরে একটি ছয়তলা ভবনের কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে শহরের চাড়িপুর এলাকার দারুণ নাজাত মহিলা মাদরাসা ভবনে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইযাছমিন আক্তার। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল শুক্কুরের মেয়ে।
ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, ইযাছমিনকে চাড়িপুর দারুণ নাজাত মহিলা মাদরাসায় ভর্তি করা হয়েছিল। তবে সে মাদরাসায় পড়তে অনীহা প্রকাশ করছিল। শনিবার সকালে তার মা ও মামী তাকে ইচ্ছার বিরুদ্ধে মাদরাসায় রেখে যান।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ইযাছমিন মাদরাসার সাততলা ভবনের ছাদে উঠে নিচে নামার চেষ্টা করে। একপর্যায়ে ভবনের ষষ্ঠতলার কার্নিশে গিয়ে আটকা পড়ে সে। পরে স্থানীয়রা তাকে কার্নিশে আটকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টা ও সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে তাকে কার্নিশ থেকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা জানান, উদ্ধারকাজের সময় ওই ছাত্রী আতঙ্কিত অবস্থায় ছিল। তবে উদ্ধারের পর তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।






















