আলীকদমে বাস দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১১
- আপডেট সময় : ০৫:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হোসাইন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে আলীকদম যাওয়ার পথে তারাবুনিয়া এলাকায় বাসটির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ১১ যাত্রী আহত হন।
আহতদের আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আটজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার এসআই ইয়ামিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















