দেশে কোন বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী। সেই উদার গণতন্ত্রকে দেশে প্রতিষ্ঠিত করতে চায়। এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভায় এ সব কথা বলেন বিএনপি মহাসচিব। এতে জিয়াউর রহমানের রাজনৈতিক ও কূটনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবি অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বকীয় পরিচয় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উদার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান চিরস্মরণীয় বলে উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান দেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করেছিলেন। আঞ্চলিক সহযোগিতা জোরদারে তাঁর সার্ক গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে।
অনুষ্ঠানে আগত বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদেরা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রশ্নে জিয়াউর রহমানের নীতি ও দর্শন এখনও অত্যন্ত প্রাসঙ্গিক।























