তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি
- আপডেট সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারতের উজানে ভারি বৃষ্টি ও ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট সূত্র জানায়, সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচে থাকলেও মাত্র ১২ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে পৌঁছেছে। ফলে নদীর পানি সতর্কসীমার আশপাশে ওঠানামা করছে এবং যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বর্মণ বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি কিংবা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
























