জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
কর্মসুচির শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন, পিবিআই, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জুলাই শহীদ ও আহত পরিবার, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়াও আলোচনা সভা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।





















