রাঙামাটিতে পিসিএনপির শোকসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান।
এ সময় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ পেয়ার আহমেদ খান এবং এনসিপি নেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নেতা মোহাম্মদ রকিব হোসেন।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্য বিরাজ করছে, যা জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা গেলে জুলাই আন্দোলনের প্রকৃত সফলতা অর্জিত হবে।
এ সময় জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
শোকসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






















