ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২১২২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বৃদ্ধ খাজা শেখ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাসিন্দা বৃদ্ধ খাজা শেখ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মৃত জালাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাজা শেখ বাড়িতে ছাগল পালন করতেন। ঘটনার দিন তিনি ছাগলের খাবারের জন্য পাতা সংগ্রহ করতে একটি কাঁচা বাঁশের সহায়তায় একটি আমগাছে ওঠেন। সেখান থেকে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করার সময় বাঁশটি পিছলে গিয়ে বিদ্যুতের ৩৩ কেভি ভোল্ট তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ সময় মরদেহ উদ্ধারকাজে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সার্বিক সহযোগিতা করে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



























