চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা আজ
- আপডেট সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা আজ। দেশের খ্যাতিমান বলীরা বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন কুস্তির রিং-এ। ইতোমধ্যে কুমিল্লা, কক্সবাজার, সীতাকুণ্ড, রাঙামাটিসহ দেশের নানা প্রান্ত চট্টগ্রাম পৌছেছেন বলীরা।
আয়োজক কমিটি জানায়, ৮ জন সেরা বলী নিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। এদিকে বলীখেলাকে কেন্দ্র করে শুক্রবার থেকে জমে উঠেছে দুইদিনের বৈশাখী মেলা। জব্বারের বলীখেলার পাশাপাশি অনুষ্ঠিত বৈশাখী মেলাও শতাধিক বছর ধরে চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গে পরিণত হয়েছে। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা চট্টগ্রামে আসেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বদরপাতি এলাকার আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদীঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা কালের বিবর্তনে চট্টগ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে। এবার বসছে বলীখেলার ১১৭তম আসর। প্রতি বছর ১২ বৈশাখ এ বলীখেলা অনুষ্ঠিত হয়।























