কুমিল্লার গাড়িচালকদের বিশ্রামাগারটি দুই বছরেও চালু হয়নি
- আপডেট সময় : ১২:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার নিমসারে গাড়িচালকদের আধুনিক বিশ্রামাগারটি দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তরের উদাসীনতায় অবহেলা, অযত্ন আর স্থাপনাটি এখন পণ্যবাহী গাড়িচালকদের বিশ্রামের জায়গা নয়- বরং টিকটকার, বখাটে ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসারে ১৩ একর জায়গাজুড়ে নির্মিত বিশ্রামাগারটির নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালের জুনে। কিন্তু উদ্বোধন না হওয়ায় এবং কোনো প্রহরী বা রক্ষণাবেক্ষণ না থাকায় দিনে সেখানে চলে উচ্চস্বরে গান-বাজনা, ভিডিও ধারণ ও টিকটক শুটিং, আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা।
২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ চারটি মহাসড়কে চালকদের বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে নিমসারে ১০০ চালকের বিশ্রামের জন্য আধুনিক ভবনটি নির্মিত হয়- যেখানে রয়েছে গোসলখানা, নামাজের স্থান, ঘুমানোর কক্ষ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ক্যান্টিন, বিনোদনের সুযোগ, ট্রাক পার্কিং ও মেরামতের ওয়ার্কশপ।
ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়ে চালকরা বলেন, দূর থেকে গাড়ি চালিয়ে এসে ঘুমানো হয় না। রাস্তার পাশে ঘুমালে পুলিশ মামলা দেয়। দ্রুত পদক্ষেপের দাবি তাদের।
এদিকে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, এই বিশ্রামাগারটির জন্য ইজারা আহবান করা হয়েছে। খুব অচিরেই এটা ইজারার মাধ্যমে দায়িত্ব দিয়ে দেওয়া হবে।
কিভাবে এটা পরিচালনা করা হবে এটা নির্ধারণ করা হলেই খুব শীঘ্রই এটা চালু করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান।
স্থানীয়দের দাবি- সওজের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই স্থাপনাটি দিন দিন অচল ও অরক্ষিত হয়ে পড়ছে। এখনই ব্যবস্থা না নিলে কোটি টাকার সরকারি প্রকল্পটি অচিরেই ধ্বংসস্তূপে পরিণত হবে।





















