কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
- আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুক্রবার (২০ আগস্ট) মধ্যরাতের পর কড়া নিরাপত্তার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের নিরাপত্তায় ৮০০ জনের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চিকিৎসা পরীক্ষা শেষে তাকে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।
কারাগারে থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তোশাখানা উপহারের তথ্য গোপন এবং আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।
হাসপাতালে পৌঁছানোর পর ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সৈয়দ আলী নাসির রিজভি নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন। এর আগে ইমরানকে হাসপাতালে আনার প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে তিনি সেখানে গিয়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল ও আশপাশের এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলা প্রতিরোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
হাসপাতালের আশপাশের সড়কে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও মোটরসাইকেল তল্লাশির ব্যবস্থাও করা হয়েছে।
সূত্র জানিয়েছে, মেডিকেল টেস্ট ও শারীরিক অবস্থা যাচাইয়ের পর ইমরান খানকে আবার কারাগারে নেওয়া হতে পারে। তবে চিকিৎসার প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সংশ্লিষ্ট কক্ষ বা পুরো একটি তলাকে সাব-জেল হিসেবে ঘোষণা করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কারা কর্মকর্তাদেরও হাসপাতালে মোতায়েন করা হতে পারে।


























