ইরানের দক্ষিণ উপকূলে দফায় দফায় বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা
- আপডেট সময় : ১২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই দেশটির দক্ষিণ উপকূলীয় এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত ও ভোরে সেরিক, মিনাব ও কেশম দ্বীপে এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে তারা জানায়, সমুদ্রের দিক থেকেই এসব শব্দ আসছিল।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক শহরের কয়েকটি এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফার্সের প্রতিবেদনে বলা হয়, সমুদ্রের দিক থেকে ওই শব্দ এসেছিল।
আনাদোলুর পৃথক প্রতিবেদনেও জাস্কের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের কথা বলা হয়েছে। তবে তখন বিস্ফোরণের কারণ ও সঠিক স্থান নিশ্চিত হওয়া যায়নি।
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় প্রজেক্টাইল আঘাতের কথা জানিয়েছে ইরনা। এসব প্রজেক্টাইল ‘শত্রুপক্ষ’ ছুড়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি।
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির দক্ষিণ উপকূলীয় এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
গত জুনে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ আবার খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। বৃহত্তর শান্তি চুক্তির পথে এটিকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে এরপরও হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের উত্তেজনা অব্যাহত রয়েছে।





















