হজ পালনে ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
- আপডেট সময় : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
পবিত্র হজ পালনে ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ ১১ মে পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ মে সৌদি সময় মাঝ রাত পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন যাত্রী রয়েছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।























