রুয়েটের শিক্ষার্থীরা তৈরি করলো পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি
- আপডেট সময় : ০৬:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করল জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি। পরীক্ষা-নিরীক্ষা শেষে রুয়েট ছাত্রীদের যাতায়াতে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করে রুয়েট প্রশাসন। সরকারি সহায়তা পেলে আরো আধুনিকায়ন করে বাণিজ্যিকভাবে উৎপাদন বৃদ্ধি করতে চান যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।
বৈশ্বিক পরিস্থিতিতে যখন সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট, ঠিক তখনই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা চমকে দিলো সবাইকে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী করেছে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি। যা পরিবেশ বান্ধবও। পরীক্ষা-নিরীক্ষা শেষে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করে রুয়েট প্রশাসন। গাড়িটি চলাচল করছে ছাত্রীদের আবাসিক হল থেকে একাডেমিক ভবন পর্যন্ত। এতে, সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা পাচ্ছেন রুয়েটের আবাসিক ছাত্রীরা।
গাড়িটি উদ্ভাবনের ফলে, একদিকে যেমন সুবিধা পাচ্ছেন এখানকার ছাত্রীরা তেমনি সাশ্রয় হচ্ছে জ্বালানি। আগামীতে এই গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি হবে। নিশ্চিত হবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা।
নিজস্ব প্রযুক্তির গাড়ি তৈরিতে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থীরা। ১২ আসনবিশিষ্ট এই গাড়িটি তৈরিতে ব্যয় হয়েছে ৬ লাখ টাকা। সরকারি সহায়তা পেলে বানিজ্যিক ভাবেও উৎপাদন করা যেতে পারে বলে মনে করছেন, রুয়েটের প্রকৌশলীরা।
বাইরে থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকেই এটি তৈরি করা হয়েছে। এতে, গবেষণায় উৎসাহ বাড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, রুট পারমিট পেলে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই গাড়িগুলো রাজশাহী মহানগরীতে সিটি সার্ভিস হিসেবেও ব্যবহার হতে পারে। এতে, ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে সৃষ্ট যানজট থেকে মুক্তি পাবেন নগরবাসী।


























