রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়
- আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির নির্দেশনা চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের পক্ষে আদালতে থাকা আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি জানান, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে জাতীয় পরিচয়পত্র পেতে ছবি দিতে হবে।
রিট করেছিলেন পর্দানশীন নারী
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এই রিট আবেদন করেন। রিটে তিনি জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালন করায় তিনি ছবি তোলেন না। এ কারণে তার জাতীয় পরিচয়পত্র নেই। ফলে বিভিন্ন সরকারি ও নাগরিক সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।
এর আগে ওই বছরের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় এনআইডি পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। তবে আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় পরে হাইকোর্টে রিট করেন।
বায়োমেট্রিক ব্যবস্থার প্রস্তাব
রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। এতে ছবি ছাড়া বিকল্প পরিচয় হিসেবে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
তবে বুধবার সেই রুল খারিজ করে দিয়েছেন আদালত।
রুল জারির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, ছবি ছাড়া এনআইডির আবেদন সংবিধানসম্মত নয়। বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। এমনকি বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে চোখের আইরিশ শনাক্ত করার প্রয়োজন হতে পারে।





















