রিমান্ডে থাকা এক আসামির গলা ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা
- আপডেট সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার হাজতখানায় রিমান্ডে থাকা এক আসামি ব্লেড দিয়ে গলা ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আসামি আনোয়ার হোসেন ওরফে আনার নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একটি ছিনতাই মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজতখানার টয়লেটে ব্লেড দিয়ে নিজের গলা ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন আনোয়ার। পরে অন্য হাজতিদের চিৎকারে পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় থানায় নেওয়া হয়। জানা যায়, গত ৭ মে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে চার দিনের রিমান্ডে এনে তাকে সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছিল। বর্তমানে আনোয়ার হোসেন আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। পরে তাকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, আনার নামের ওই আসামী মাদকাসক্ত। তার পুরো শরীরে পুরাতন আচর ও কাটার দাগ রয়েছে। তার হাতে সেলাই লেগেছে বলেও জানান তিনি।

























