রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কমিটি ভেঙে নতুন নির্বাচনের দাবি
- আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির একাংশের শ্রমিকরা।
শনিবার সকালে নগরীর রেলগেট এলাকায় মানববন্ধন করেন তারা। পরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারী শ্রমিকরা।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, ২০১৭ সালের পর থেকে ইউনিয়নে কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। একই সঙ্গে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনও হয়নি বলে দাবি করেন তারা।
তাদের আরও অভিযোগ, শ্রমিকদের কল্যাণে বরাদ্দ বিভিন্ন তহবিলের অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। দীর্ঘদিন ধরে অনিয়ম ও আর্থিক দুর্নীতির মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় আন্দোলনকারী শ্রমিকরা বর্তমান কমিটি ভেঙে দিয়ে দ্রুত নতুন নির্বাচন আয়োজনের দাবি জানান।
তবে শ্রমিকদের এসব অভিযোগ ও নতুন কমিটি গঠনের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মানা। তার দাবি, বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে নতুন কমিটি গঠনের দাবি করার কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে কমিটি ভেঙে দেওয়ার দাবি অযৌক্তিক। শ্রমিকদের একাংশের অভিযোগেরও কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
এদিকে, বর্তমান কমিটি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।























