রাজবাড়িতে ভোটকেন্দ্রের পাহারায় দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্য খুন
- আপডেট সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ২১৮৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা রণজিৎ কুমার দে নামের এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সদর ইউনিয়নের ওই বিদ্যালয়ের পাশে এক বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রণজিৎ বালিয়াকান্দির বাসিন্দা।
জানা গেছে, গ্রাম পুলিশ রণজিৎ চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় রনজিত বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। আধাঘণ্টা পরও ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করে। রণজিৎ সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় মেম্বারকে ফোনে জানায়। পরে ভোর ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের পাশের কাঠবাগানে রনজিতের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলার মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বালিয়াকান্দি থানার আলমগীর হোসনে বলেন, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
























