যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- আপডেট সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। এ জন্য বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সার্জিও গোর।
পোস্টে তিনি বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে।
সার্জিও গোরের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের নতুন বোয়িং ক্রয়াদেশ আগের অর্ডারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় হবে। তবে নতুন করে ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে কিংবা মোট চুক্তিমূল্য কত—এসব বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
এর আগে বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এসব উড়োজাহাজের মধ্যে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স থাকার কথা জানানো হয়েছিল।
এদিকে এক্সের পোস্টে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিরও প্রশংসা করেন সার্জিও গোর। তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ‘সর্বশ্রেষ্ঠ’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।
গোর বলেন, ট্রাম্প উচ্চ বেতনের লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন।
তার মতে, বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই নতুন ক্রয়াদেশও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।




















