ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-২
- আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কানিহারি-তিরখী সড়কের কালীরবাজার সংলগ্ন বালুর খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
নিহত জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, বালুবাহী ড্রাম ট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল।
পথে কানিহারি-তিরখী এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক জসিম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















