৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ
- আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে—হাইকোর্টের দেওয়া সেই রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ আবেদন করা হয়।
ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই আবেদনের শুনানি হতে পারে।
৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে।
পাঁচ করবর্ষের কর নিয়ে বিরোধ
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এর বিরুদ্ধে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে।
প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। তবে গত বৃহস্পতিবার নতুন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। একই সঙ্গে রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায়ে এনবিআরের আর কোনো বাধা থাকল না।
আগের রায় প্রত্যাহার
এর আগে গত ৪ অক্টোবর হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের রায় প্রত্যাহার করেছিলেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন।
পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। সেই বেঞ্চই গত বৃহস্পতিবার গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ তৈরি করেন।























