ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
- আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রোববার:
ফেরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে ফেনীতে এসআরবি-৭-এ দায়িত্ব পালন করছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এসআরবি সদস্যরা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি অন্য একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সড়কের বাম পাশে অবস্থানরত এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি গর্তে পড়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহত এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক সজিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।























