টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর টাঙ্গাইলে শুরু হয়েছে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এর অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পানি জমার স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমেও অংশ নেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ সময়। তাই এ সময়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে সারা দেশে একযোগে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্মিলিতভাবে কাজ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ।
যারা উপস্থিত ছিলেন
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ এবং জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।




















