টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও
পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, প্যাডেল সাইকেলে করে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে ভাসানি রোডে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতনামা ভবঘুরে ও ভাসমান নারীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে সদর থানা পুলিশ।
সিসি ক্যামেরা ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত
পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চালানো হয়।
পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
আদালতে পাঠানো হয়েছে
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করা হয়েছে।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর দ্রুত সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
























