জল্পনা-কল্পনার অবসান, নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
- আপডেট সময় : ০১:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
যাবতীয় জল্পনা ও উৎকণ্ঠার অবসান। নেমার জুনিয়রকে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। ভারতীয় সময় সোমবার গভীর রাতে রিয়ো ডি জেনেইরোতে জমকালো সাংবাদিক বৈঠকে আনচেলোত্তি ২৬ সদস্যের দলে নেমারের নাম ঘোষণা করতেই উন্মাদনা তুঙ্গে পৌঁছায়।
২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পরে ব্রাজিল দল থেকে ছিটকে যান নেমার। নিজেকে প্রমাণ করার লক্ষ্যে সৌদি আরবের আল হিলাল ছেড়ে তিনি ফিরে আসেন শৈশবের ক্লাব স্যান্টোস এফসিতে। ধীরে ধীরে ছন্দ ফিরলেও ব্রাজিল দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেননি। গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতেও তাঁকে দলেও রাখেননি আনচেলোত্তি। তিনি বলে দিয়েছিলেন, পুরো ফিট না হলে নেমারকে বিশ্বকাপের দলে রাখবেন না। অবশেষে স্বস্তি।
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেমার থাকবেন কি থাকবেন না তা নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা তুঙ্গে ছিল। চোট, অস্ত্রোপচার, ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ের সঙ্গেই বারবার বিতর্কে জড়িয়েছেন নেমার। অবশেষে সব জল্পনার অবসান। বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ জনের চূড়ান্ত দলে নেমারকে রেখে সাংবাদিক বৈঠকে আনচেলোত্তি বলেছেন, ‘‘পরিবর্ত হিসেবে খেলানোর কথা ভেবে নেমারকে দলে নেওয়া হয়নি। নিজের দক্ষতা দিয়েই দলে অবদান রাখতে পারবে বলে নেওয়া হয়েছে ওকে। নেমার এক মিনিট, পাঁচ মিনিট, নাকি আদৌ খেলবে না বা পুরো ৯০ মিনিটই মাঠে থাকবে? পেনালটি নেবে? আমি জানি না। তবে মাঠে যতটুকু সময় থাকুক না কেন, সেই সময়ে ওর কার্যকারিতা কতটুকু, সেটাই আসল।’’ আরও বলেছেন, ‘‘আমি এক দম স্পষ্ট ভাবে বলতে চাই, নেমার যদি খেলার যোগ্য হয়, তা হলেই সে খেলবে। অনুশীলনে কেমন করছে, তার উপরেই সব কিছু নির্ভর করছে। আমার মনে হয়, সব প্রত্যাশার চাপ কেবল এক জন ফুটবলারের উপরই চাপিয়ে দেওয়া ঠিক হবে না।’’
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেমারের অন্তর্ভুক্তির ঘটনা ২৪ বছর আগের স্মৃতি ফেরাল। সে বার চর্চার কেন্দ্রে ছিলেন রোমারিয়ো। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে বিভক্ত হয়ে গিয়েছিল ব্রাজিল। সেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্টও।


























